ট্রাইব্যুনালের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশের নির্ধারিত পথের সামনে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ভাষ্য, ট্রাইব্যুনালের রায় ঘোষণার কিছুক্ষণ পর প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে ককটেলটি কারা নিক্ষেপ করে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
গত ১৮ আগস্ট এ মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে ১৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ১৫ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।








