Logo

জাজিরায় রান্নাঘরে ককটেল বিস্ফোরণে দুই গৃহবধূ আহত

profile picture
উপজেলা প্রতিনিধি
জাজিরা, শরীয়তপুর
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৪
জাজিরায় রান্নাঘরে ককটেল বিস্ফোরণে দুই গৃহবধূ আহত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় রান্নাঘরে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণে দুই গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় পাশাপাশি থাকা দুটি রান্নাঘর ও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরকান্দি এলাকায় ফারুক সৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফারুক সৈয়ালের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং তার বড় ভাই রশিদ সৈয়ালের স্ত্রী রিজিয়া বেগম (৬০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রোকেয়া ও রিজিয়া পাশাপাশি দুটি রান্নাঘরে রান্না করতে যান। এ সময় রোকেয়ার রান্নাঘরে রাখা ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের একটি অংশ ভেঙে রোকেয়া পাশের ডোবায় গিয়ে পড়েন। একই বিস্ফোরণে পাশের রান্নাঘরে থাকা রিজিয়াও গুরুতর আহত হন।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তমিজ খান ও রেজাউল সরদার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১০ আগস্ট বোমার বিস্ফোরণে হান্নান সরদার (৭০) নিহত হন। একই ঘটনায় রিপন মোল্লা (৪০) নামের এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়।

এর আগে একই এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামের এক শিশুর কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটে। সর্বশেষ ফারুক সৈয়ালের বাড়ির রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, ফারুক সৈয়ালের রান্নাঘরে একটি বালতির মধ্যে বেশ কয়েকটি ককটেল মজুত করে রাখা হয়েছিল। তার স্ত্রী রান্নাঘরে যাওয়ার পর সেগুলো বিস্ফোরিত হয়।

ওসি বলেন, ‘যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও ককটেলগুলো কীভাবে সেখানে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD