Logo

সংঘর্ষে রণক্ষেত্র মাদারীপুর, শতাধিক ককটেল বিস্ফোরণ

profile picture
জেলা প্রতিনিধি
মাদারীপুর
৩ এপ্রিল, ২০২৬, ১৮:৩১
সংঘর্ষে রণক্ষেত্র মাদারীপুর, শতাধিক ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদরের মোস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের একজনের বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে সংঘর্ষ দফায় দফায় চলতে থাকে।

বিজ্ঞাপন

সংঘর্ষের সময়ে মোস্তফাপুরের শাহীন হাওলাদারের মোবাইল দোকান, রাকিবুল ইসলামের ঢাকা বিরিয়ানির দোকানসহ উভয়পক্ষের প্রায় ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। শতাধিক ককটেল বিস্ফোরণের কারণে আশেপাশে আতঙ্ক সৃষ্টি হয়। আহতরা মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, মোস্তফাপুরের এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা লেগেই আছে। সাধারণ মানুষও এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় ছোট ছোট সন্তানরাও ভয় ও আতঙ্কে থাকে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

এদিকে, অভিযুক্ত সামসু সরদার ও হাবিব হাওলাদারের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD