পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহারের জন্য প্রস্তুত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের সাতানীপাড়া এলাকা থেকে তাদের কে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে পুলিশে দেওয়া হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ফারুক হোসেন (৩৫), মো. শহিদুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মো. সুজন বিশ্বাস (৩৩)। তারা সকলেই টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাকু, একটি লোহার এসএস পাইপ এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী খোরশেদ ও রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টা সাড়ে তিনটার দিকে একটি পিকআপ যোগে ৫/৬ জন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে তাদের ধাওয়া করে।
বিজ্ঞাপন
এ সময় সন্দেহভাজনরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয়দের ওপর হামলা চালানোর চেষ্টা করে। ধাওয়া খেয়ে ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পূবাইল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজন, ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও পিকআপ ভ্যানসহ নিজেদের হেফাজতে নেন।
শুক্রবার (৩ এপ্রিল) এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








