মোহাম্মদপুরে চার্চ থেকে চুরি যাওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। চুরির সময় চার্চটির সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
ওসি জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে আনুমানিক ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়। ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
পরে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চুরি যাওয়া ঘণ্টা উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে একাধিক টিমের সমন্বয়ে অভিযান শুরু করে পুলিশ।
বিজ্ঞাপন
আব্দুল হালিম বলেন, পুলিশের অভিযানের মুখে চোর বা চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় অক্ষত ঘণ্টাটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, চুরির আগে বুধবার রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উদ্ধার করা পিতলের ঘণ্টাটি বর্তমানে মোহাম্মদপুর থানার হেফাজতে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।








