উত্তর বাড্ডায় তীব্র পানির সংকট, নতুন পাম্প বসাতে মিলছে না জায়গা

রাজধানীর উত্তর বাড্ডার ময়নার বাগ এলাকায় তীব্র পানির সংকটে পড়েছেন বাসিন্দারা। গত কয়েক বছরে এলাকায় দ্রুত বেড়েছে বহুতল ভবন ও জনসংখ্যা। তবে সেই তুলনায় পানি সরবরাহের অবকাঠামো বাড়েনি। ফলে চাহিদার সময় পর্যাপ্ত পানি না পাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
বিজ্ঞাপন
ময়নার বাগের পানি সরবরাহের অন্যতম প্রধান ভরসা এখন একটি ছোট ডিপ টিউবওয়েল। সীমিত জায়গায় স্থাপিত এই পাম্প দিয়েই বিস্তীর্ণ এলাকায় পানি সরবরাহের চেষ্টা করছে ঢাকা ওয়াসা। অথচ আশপাশে গত কয়েক বছরে গড়ে উঠেছে শত শত বহুতল ভবন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবন ও মানুষের সংখ্যা বাড়লেও পানি সরবরাহ ব্যবস্থায় প্রয়োজনীয় সম্প্রসারণ হয়নি। বিশেষ করে নির্দিষ্ট সময়ে পানির চাহিদা বেড়ে গেলে সংকট আরও প্রকট হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ময়নার বাগ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ ওয়ার্ডের আওতায় উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মধ্য বাড্ডা, পূর্ব ও পশ্চিম মেরুল বাড্ডাসহ বিস্তীর্ণ এলাকা রয়েছে। পানি সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার মডস জোন-৮-এর আওতাতেও বাড্ডা ও আশপাশের বড় একটি এলাকা রয়েছে।
ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ময়নার বাগে নতুন পাম্প স্থাপন প্রয়োজন হলেও এর জন্য উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না। ব্যক্তিমালিকানাধীন জমিতে পাম্প বসাতে হলে মালিকের সম্মতি প্রয়োজন। আবার ঘনবসতিপূর্ণ এলাকায় সরকারি বা ওয়াসার নিজস্ব খালি জায়গাও খুব সীমিত।
বিজ্ঞাপন
এ কারণে নতুন ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে বাধার মুখে পড়তে হচ্ছে। বর্তমানে একটি ছোট জায়গায় থাকা পাম্পের মাধ্যমেই বড় এলাকার পানির চাহিদা পূরণের চেষ্টা চলছে।
স্থানীয়রা বলছেন, পানি সরবরাহে অনিয়ম হলে বহুতল ভবনের বাসিন্দারাই বেশি সমস্যায় পড়েন। ভবনগুলোর নিজস্ব রিজার্ভার থাকলেও পর্যাপ্ত পানি সরবরাহ না হলে সেগুলো পূর্ণ হয় না। এতে রান্না, গোসল, কাপড় ধোয়া ও অন্যান্য দৈনন্দিন কাজে ভোগান্তি তৈরি হয়।
ময়নার বাগের বাসিন্দা হাসানুজ্জামান বলেন, আগে এলাকায় এত বহুতল ভবন ছিল না। এখন ভবন ও মানুষের সংখ্যা দুটোই বেড়েছে, কিন্তু পানির ব্যবস্থা আগের মতোই রয়ে গেছে। পানি না থাকলে বাসায় রান্না করাও কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, নিয়মিত ওয়াসার বিল দেওয়ার পরও পর্যাপ্ত পানি না পাওয়া দুর্ভোগের বিষয়। নতুন পাম্পের জন্য জায়গার সংকট থাকলে ওয়াসা ও স্থানীয় বাড়ির মালিকদের আলোচনার মাধ্যমে সমাধান বের করা প্রয়োজন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এলাকার একটি বহুতল ভবনের ভাড়াটিয়া বেসরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম বলেন, অনেক সময় অফিস শেষে বাসায় ফিরে হাত-মুখ ধোয়ার পানিও পাওয়া যায় না। বাথরুমে পানি জমিয়ে রাখলেও সংকট সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই পানি আসার সময় বেশি করে সংরক্ষণ করে রাখার কথা ভাবছেন তিনি।
বিজ্ঞাপন
ময়নার বাগ ঢাকা ওয়াসার মডস জোন-৮-এর আওতাভুক্ত হলেও পানির সংকট নিয়ে মন্তব্য করতে রাজি হননি এ জোনের নির্বাহী প্রকৌশলী অনুপম কুমার মণ্ডল।








