ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করেছেন সিপিবি, বাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তারা এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ১৫ বছরের চুক্তির বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন এবং চুক্তি বাতিলের দাবি জানান।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাজ্জাদ জহির চন্দন সাংবাদিকদের বলেন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ জানাতে তারা ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে সমবেত হয়েছিলেন। তার দাবি, শান্তিপূর্ণ সমাবেশের একপর্যায়ে পুলিশ কোনো উসকানি ছাড়াই ব্যাপক লাঠিপেটা করে। এতে তিনি নিজেসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের এনসিটি পরিচালনা সংক্রান্ত কনসেশন চুক্তি সই হয়। এর প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট রাজনৈতিক ও সংগঠনগুলোর নেতাকর্মীরা।








