ঢাকা মেডিকেলে যুবকের মরদেহ ফেলে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফ জানান, ওই দুই ব্যক্তি যুবককে জরুরি বিভাগে নিয়ে এসে তাঁর কাছে দিয়ে বলেন, তাঁরা টিকিট আনতে যাচ্ছেন। এ কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তাঁরা। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের আর পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পারভেজ মোশারফ আরও জানান, পরে ওই যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকেল ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি বলেন, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে।








