যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে চুক্তি সই

যমুনা বহুমুখী সেতুর ডেক সংস্কার, প্রশস্তকরণ এবং পরিত্যক্ত রেল লেনকে যানবাহন চলাচলের উপযোগী করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)-চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) যৌথ উদ্যোগের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও সরকারের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ।
আরও পড়ুন: প্রথম প্রান্তিকে শক্ত অবস্থানে এনআরবিসি
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং সিসিসিসি-সিআরবিসি যৌথ উদ্যোগের পক্ষে ওয়াং বেনকিয়ান চুক্তিতে সই করেন।
বিজ্ঞাপন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন সেখ বলেন, দ্রুত চুক্তি সম্পন্ন হওয়ায় এখন কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, দেশে ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলা এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও উন্নত করতে যমুনা সেতুর আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যমুনা সেতু জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। সেতুতে আলাদা রেল সংযোগ চালু হওয়ার পর অব্যবহৃত হয়ে পড়া রেল লেনটি সংস্কার করে যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা হলে সেতুর চলাচলপথ প্রায় সাড়ে তিন মিটার বৃদ্ধি পাবে।
এ ছাড়া সেতুর ডেক সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে যানবাহন ধারণক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মূল কাঠামোর সক্ষমতা বাড়িয়ে সেতুটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান বজায় রেখে কাজ শেষ হলে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও নির্বিঘ্ন হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
সংশ্লিষ্টরা জানান, সংস্কার কাজ সম্পন্ন হলে যমুনা সেতু ভবিষ্যতে আরও টেকসই ও কার্যকর যোগাযোগ অবকাঠামো হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








