Logo

৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা আমলে নিলো ট্রাইব্যুনাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২২
৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা আমলে নিলো ট্রাইব্যুনাল
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজন আন্দোলনকারীর হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে আসামিদের হাজিরে ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আদালতকে জানান, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সংঘটিত একটি অভিযানে তিনজন আন্দোলনকারীকে হত্যা করা হয়। ঘটনায় তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা ও কয়েকজন আওয়ামী লীগ নেতা জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসিকিউটর অভিযোগ আকারে জানান, একজন এসআই খুব কাছে গিয়ে একটি জুলাই যোদ্ধার মাথা ও বুকে গুলি চালিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মো. তাজুল ইসলাম বলেন, আজ ট্রাইব্যুনাল অভিযোগটি আনুষ্ঠানিকভাবে আমলে নিয়েছে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তার রয়েছেন তিনজন, বাকি ছয়জনকে গ্রেপ্তারের মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলেন গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা সানাউল।

আদালত সূত্র জানায়, অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গে আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ আমলে নেওয়া হয়েছে। মামলার শুনানি ও যুক্তিতর্কের পর নির্ধারিত দিনেই আসামিদের আদালতে হাজির হওয়ার মাধ্যমে পরবর্তী শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD