হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ৮ মার্চ।
বিজ্ঞাপন
রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় মোট আসামি আটজন। আদালত নির্দেশ দিয়েছেন, যেহেতু দুজন গ্রেপ্তার রয়েছেন, বাকি ছয়জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতকরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
বিজ্ঞাপন
মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে রোববার ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে, ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতের দিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযানের সময় ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। অভিযানের সময় ব্যবহার করা কোড নাম ছিল ‘অপারেশন স্ট্রম-২৬’।








