Logo

খিলক্ষেতে কলেজছাত্র ইকরামের হত্যা: দুই আসামিকে মৃত্যুদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০০
খিলক্ষেতে কলেজছাত্র ইকরামের হত্যা: দুই আসামিকে মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হোসেন মোল্লার (২২) পরিকল্পিত হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের লাশ গুমের দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রায় ঘোষণা করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সিদ্দিক (২৩) ও মো. শান্ত মিয়া (২২)। রায় ঘোষণার সময় সিদ্দিক আদালতে হাজির ছিলেন, কিন্তু শান্ত মিয়া পলাতক।

বিজ্ঞাপন

মামলার নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ মে রাতে ইকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু শান্ত মিয়া ও সিদ্দিক। তারা তাকে খিলক্ষেত থানাধীন পাতিরা ও ডুমনি এলাকার মাঝামাঝি বসুন্ধরা বালুর চরে নিয়ে গিয়ে হাতুড়ি ও ভোমর দিয়ে আঘাত করে এবং এন্টিকাটার দিয়ে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। ৬ মে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হত্যার ঘটনায় নিহতের বাবা মো. কবির হোসেন মোল্লা খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

বিজ্ঞাপন

তদন্তকালে জানা যায়, আসামি শান্ত মিয়া ইকরামের কাছ থেকে ব্যবসার জন্য ২ লাখ টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়, যা নিয়ে তিনি বন্ধু সিদ্দিককে নিয়ে হত্যাকাণ্ড ঘটান। গ্রেফতারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD