এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি

বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, সকালে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন সময়ে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে তিনি আরও বেশি করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য প্রকাশ করতে থাকেন। সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে দেওয়া তার কিছু বক্তব্য বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন
বিজ্ঞাপন
মামলায় দাবি করা হয়েছে, এসব মন্তব্যে মির্জা আব্বাসকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বক্তব্য প্রচার করে মির্জা আব্বাসের সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে, যা শিষ্টাচার ও সামাজিক রীতিনীতির পরিপন্থী এবং মানহানিকর।








