টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দাখিল করা চার্জশিট আমলে নেন আদালত। ওই দিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামি টিউলিপকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, অবৈধ সুবিধা গ্রহণ করে ঢাকার গুলশান এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট গ্রহণ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেন পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ফ্ল্যাটটি দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করান।
বিজ্ঞাপন
এই অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। মামলায় গুলশান-২ এলাকার রোড নম্বর ৭১-এর একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নম্বর বি/২০১) অবৈধভাবে দখল নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
পরে মামলার অপর আসামি শাহ মো. খসরুজ্জামান গত বছরের জুলাই মাসে মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য তদন্ত কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এরপর বিষয়টি চেম্বার আদালতে গেলেও দুর্নীতি দমন কমিশন কোনো আদেশ পায়নি। পরে তদন্ত সম্পন্ন করে গত ১১ ডিসেম্বর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই নতুন মামলার অগ্রগতি নিয়েও এখন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।








