৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্ট চারটি মামলায় জামিন দিয়েছেন। মামলাগুলোতে অভিযোগ ছিল—জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে খায়রুল হকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, সাঈদ আহমেদ রাজা এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।
আইনজীবীরা জানান, খায়রুল হকের বিরুদ্ধে দুদকের একটি মামলাও থাকায় তিনি এখনও কারামুক্ত হননি।
বিজ্ঞাপন
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। ২৭ আগস্ট শাহবাগ থানায় তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া, এবং একই দিনে নারায়ণগঞ্জের বন্দর থানায় জনৈক নুরুল ইসলাম মোল্লা একই অভিযোগে মামলা করেন। এর আগে ৪ আগস্ট দুদকও প্লট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করে।
বিজ্ঞাপন
নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর খায়রুল হক হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন সংক্রান্ত রুল জারি করে।








