ঘুষের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। মঙ্গলবার (১০ মার্চ) তিনি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
চিফ প্রসিকিউটর বলেন, “কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হয়। আমাদের প্রতিষ্ঠান ও ইমেজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। আমি আগেই বলেছিলাম, আমার কর্মকালে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগও বরদাশত করা হবে না। প্রত্যেক প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করে আমি একই কথা বলেছি।”
আমিনুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করতে হলে নির্লোভ হতে হয় এবং লোভ-লালসার ঊর্ধ্বে থাকতে হয়। যদি কেউ তা পালন করতে না পারে, তার এখানে থাকার প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন সংবাদ দেখেছি, যা গুরুতর। এমন অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন অভিযোগ ওঠে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন পর্যন্ত আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি। আনুষ্ঠানিক অভিযোগ এলে আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করব।”








