মদের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবর লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন। সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসিফ আকবরকে খালাস দেয়া হয়েছে। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। মোট তিনজন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।
বাদী হিসেবে উপস্থিত ছিলেন সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার, যিনি ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন। পরে তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেন। এভাবে মামলার সাক্ষ্যগ্রহণের পর্যায় শেষ হয়।
বিজ্ঞাপন
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়েছিল।
এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার ২৪ (ক) ধারা অনুযায়ী দায়ের করা হয়েছিল।








