Logo

বয়স বিবেচনায় বিচারপতি খায়রুল হককে জামিন: হাইকোর্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১২:১৮
বয়স বিবেচনায় বিচারপতি খায়রুল হককে জামিন: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ চার মামলায় বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি ৮১ বছরের এ বি এম খায়রুল হককে হাইকোর্ট জামিন দিয়েছেন।

বিজ্ঞাপন

বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার (১৫ মার্চ) ৭ পৃষ্ঠার রায়ে এ সিদ্ধান্ত দিয়েছেন। রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এর আগে গত ৪ মার্চ একই চার মামলায় হাইকোর্ট সাবেক প্রধান বিচারপতিকে জামিন দিয়েছিলেন।

বিজ্ঞাপন

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরও একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ৪ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) প্লট জালিয়াতির অভিযোগে একটি মামলা করে।

নিম্ন আদালতে এসব মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর সাবেক প্রধান বিচারপতি হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিনের বিষয়ে রুল জারি করেন।

বিজ্ঞাপন

এছাড়া ১১ মার্চ দুদকের মামলায়, যা রাজউকের প্লট অবৈধভাবে গ্রহণের অভিযোগ সম্পর্কিত, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ খায়রুল হককে জামিন দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

দুদকের ওই মামলায় খায়রুল হকসহ আটজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন: রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা, সাবেক সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সাবেক সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

বিজ্ঞাপন

তবে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় তিনি এখনও সম্পূর্ণভাবে মুক্ত হননি।

সূত্র: বাসস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD