Logo

হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১৯:২৬
হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

কথিত ‘শিশু জিহাদ হত্যা’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। শুক্রবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশের তদন্তে দেখা যায়, যাকে হত্যার শিকার হিসেবে দেখানো হয়েছিল, তিনি জীবিত। অন্য একটি স্থানে আহত হওয়ার ঘটনাকে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করে মামলাটি করা হয়েছিল, যা তথ্যগতভাবে ভুল প্রমাণিত হয়। এ কারণে গত বছরের ১১ আগস্ট চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে সেই প্রতিবেদন গ্রহণ করে গত ৩০ অক্টোবর আদালত সব আসামিকে অব্যাহতি দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার এজাহার, অভিযোগপত্র ও ভুক্তভোগীর জবানবন্দি পর্যালোচনায় স্পষ্ট হয়েছে—হত্যার দাবি করা হলেও ভুক্তভোগী জীবিত এবং তিনি নিজেই আদালতে জানান, তিনি আহত হয়েছিলেন।

তদন্তে আরও উঠে আসে, ঘটনাস্থল হিসেবে কেরানীগঞ্জের বছিলা ব্রিজ এলাকা উল্লেখ করা হলেও প্রকৃত ঘটনা ঘটেছিল ঢাকার হাজারীবাগে। এই অসঙ্গতিও মামলাটিকে দুর্বল করে তোলে।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তারা জানান, জীবিত ব্যক্তিকে মৃত দেখানো এবং ভুল স্থানে ঘটনার উল্লেখ—এই দুই বড় ত্রুটির কারণে মামলাটি ভেঙে পড়ে। অভিযোগ রয়েছে, কিছু প্ররোচনায় পড়ে আর্থিক সুবিধার আশায় এ মামলা দায়ের করা হয়েছিল।

এদিকে হাজারীবাগে আহত হওয়ার প্রকৃত ঘটনাকে কেন্দ্র করে নতুন একটি মামলা দায়ের হয়েছে, যার তদন্ত এখনও চলমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD