নবীন ফ্যাশন বন্ধে ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খোলার নির্দেশ

রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত ‘নবীন ফ্যাশন’-এর পাঞ্জাবির দোকান পুলিশ উপস্থিত থেকে বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। এই ঘটনায় পুলিশের রহস্যজনক ও নির্লিপ্ত ভূমিকার ব্যাখ্যা দিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সশরীরে তলব করা হয়েছে। একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী 'জাস্টিস অব পিস' হিসেবে স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদের সূত্র ধরে আদালত জানান, মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন’ ব্র্যান্ডের একটি দোকানে একদল লোক হামলা ও উচ্ছৃঙ্খল আচরণ করে দোকানটি বন্ধ করতে বাধ্য করে। ভিডিও ফুটেজে দেখা যায়, এ সময় পাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থাকলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে নির্লিপ্ত ছিলেন। আদালত মন্তব্য করেন, পুলিশের এই ধরনের আচরণ জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং এটি সম্পূর্ণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগের দিন (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা একজোট হয়ে ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি বন্ধ করে দেয়। তারা কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়া’র সাথে তুলনা করে আপত্তি জানান। এ সময় পুলিশের উপস্থিতিতেই দোকানটি বন্ধ হতে দেখা যায়, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।








