অবশেষে জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবুল সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
বিজ্ঞাপন
এর আগে গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন তাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। পরে ঘিওর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরপর ওই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।








