এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
প্রসিকিউশন সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।
এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় ফাহিমকে আটক করে একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় নেওয়া হয়। পরদিন ৩০ মার্চ গুলশান থানায় দায়ের করা জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মো. ইমরান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে ২ এপ্রিল মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় ফাহিমকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম। আদালত ওই আবেদনের শুনানির জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেন।
নির্ধারিত দিনে আসামিকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে ফাহিমকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রবিউল্লাহ জামিন আবেদন করলেও তা নাকচ করা হয়।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীরা মিছিল করছিলেন। বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন নামে একজন গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং বুকে সংক্রমণ ধরা পড়ায় অস্ত্রোপচারও করতে হয়।
এ ঘটনায় গত বছরের ১০ জুলাই মাসুদ হোসাইন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।








