Logo

এমপি আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৩ এপ্রিল, ২০২৬, ১৭:১৫
এমপি আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার বিরুদ্ধে আবারও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম (নুরুল) বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, আমার মক্কেল মো. আই-ইয়াশ ইমন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভক্ত এবং পছন্দের ব্যক্তি। সম্প্রতি এক জনসম্মুখে তাকে নিয়ে দেওয়া মুফতি আমির হামজার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় আমির হামজা বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমানকে ‘ফজু পাগল’ বলে সম্বোধন করেন। পাশাপাশি তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন এবং কুকুর মারার ইনজেকশন দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য একজন বীর মুক্তিযোদ্ধা ও নির্বাচিত জনপ্রতিনিধির সামাজিক, মানসিক এবং আর্থিক মর্যাদার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি তাকে দেশ ও জাতির সামনে হেয় করার অপচেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

লিগ্যাল নোটিশে মুফতি আমির হামজাকে আগামী ১০ দিনের মধ্যে তার বক্তব্যের বিষয়ে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বাদী পক্ষের আইনজীবী মো. নুরুল ইসলাম (নুরুল) জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া-৩ আসনের সংসদ আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ে উপযুক্ত জবাব না দিলে আমার মক্কেল তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

অন্যদিকে, বিষয়টি নিয়ে মুফতি আমির হামজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। তার ভাষ্য, এ ধরনের নোটিশ প্রায়ই আসে। তবে বিষয়টি তিনি তার আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD