Logo

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৫:৫৩
ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় চলমান আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন আশিক। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ জনকে আসামি করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং জাহাঙ্গীর কবির নানকসহ সংশ্লিষ্টরা পূর্বপরিকল্পিত নির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে আন্দোলন দমনে সহিংস পন্থা অবলম্বনের জন্য অন্য আসামিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তাদের লক্ষ্য ছিল দেশজুড়ে চলমান ছাত্র-জনতার আন্দোলনকে দমন করা।

বিজ্ঞাপন

ঘটনার দিন বিকেল আনুমানিক পৌনে ৩টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনরত জনতার ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়। এতে আশিক গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে সেখানেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD