Logo

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৮:৫০
সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি স্থগিত করে বিজ্ঞপ্তি জারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে। রবিবার (৩ মে) প্রধান বিচারপতির নির্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগ ও চেম্বার কোর্টে প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার যে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হতো, তা এখন থেকে আর চলবে না। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং ব্যয় সংকোচনের বিষয় বিবেচনায় আদালতের কার্যক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছিল। সেই প্রেক্ষাপটে গত ২১ এপ্রিল এক নির্দেশনায় জানানো হয়, সপ্তাহের দুই দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি চলবে এবং বাকি কার্যদিবসে সশরীরে আদালত পরিচালিত হবে। নির্দেশনাটি ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল।

বিজ্ঞাপন

সেই সময় জারি করা নির্দেশনায় ভার্চুয়াল শুনানির জন্য মামলার তালিকা ও সংশ্লিষ্ট মিটিং আইডি আদালতের ওয়েবসাইটে প্রকাশের কথাও বলা হয়েছিল। পাশাপাশি আইনজীবীরা সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারতেন।

তবে নতুন সিদ্ধান্তে আপিল বিভাগের এই ভার্চুয়াল কার্যক্রম স্থগিত করা হলেও হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা উল্লেখ করা হয়নি। ফলে হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল শুনানি আগের নিয়মেই চলবে কিনা—তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD