মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় দাউদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) দুপুরে মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত দাউদ হোসেন মেহেরপুর শহরের তাতীপাড়া এলাকার কাছেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন।
বিজ্ঞাপন
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুন সন্ধ্যায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী চাচার বাসায় যাওয়ার পথে অভিযুক্ত দাউদ হোসেন তাকে মোবাইল ফোন দেখানোর প্রলোভন দিয়ে একটি ঘরে নিয়ে যায় এবং রাতভর ধর্ষণ করে। পরদিন সকালে ভিকটিম রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করান, যেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানা-য় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
বিজ্ঞাপন
আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট কামরুল হাসান এবং রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) মোস্তাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন।







