শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের মামলার নথি এখন উচ্চ আদালতের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের স্বাক্ষরের পর মোট ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে পাঠানো হয়। এর মধ্যে মামলার পূর্ণাঙ্গ রায় ৬৯ পৃষ্ঠার এবং ডেথ রেফারেন্স অংশ ৩ পৃষ্ঠার।
ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এই প্রক্রিয়াই ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
এর আগে ৭ জুন একই মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পরিশোধ না করলে আসামিদের সম্পদ বিক্রি করে তা আদায়ের কথাও বলা হয়।
বিজ্ঞাপন
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্বীকারোক্তি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় আসামি সোহেল রানা স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন বলে ধরে নেওয়া হয়। অপরদিকে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধে সহায়তা করেন এবং ঘটনাটি প্রতিরোধে কোনো ভূমিকা রাখেননি বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।








