নাসির–তামিমা খালাসে হতাশ রাকিব, উচ্চ আদালতে আপিলের ঘোষণা

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়ার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী রাকিব হাসান। তিনি দাবি করেছেন, পর্যাপ্ত সাক্ষ্য–প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হলেও প্রত্যাশিত বিচার পাননি।
বিজ্ঞাপন
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আলোচিত বিয়ে–সংক্রান্ত মামলায় নাসির ও তামিমাকে খালাস দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিব হাসান।
তিনি বলেন, নাসির তাকে ফোন করে জানিয়েছিলেন, সবকিছু জেনে–শুনেই তিনি বিয়ে করেছেন। রাকিবের ভাষায়, “আমরা যথাযথ প্রমাণ আদালতে দিয়েছি, অনেক এভিডেন্স ও রিপোর্ট ছিল। এরপরও যদি দেশে ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে কোথায় পাওয়া যাবে?”
বিজ্ঞাপন
রাকিব আরও দাবি করেন, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এমন একাধিক তথ্য উপস্থাপন করা হয়েছিল যা তাদের অভিযোগকে সমর্থন করে। তবে আদালতের রায়ে তিনি সন্তুষ্ট নন।
তিনি বলেন, “যার টাকা–পয়সা আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে—তারই বিচার আছে। সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার পাওয়া কঠিন।” রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে রাকিব হাসান বলেন, তিনি উচ্চ আদালতে যাবেন।
আরও পড়ুন: বিয়ের মামলায় খালাস পেলেন নাসির ও তামিমা
বিজ্ঞাপন
এর আগে প্রায় পাঁচ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন। মামলায় অভিযোগ ছিল, তাদের পূর্বের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই নাসিরকে বিয়ে করেন তামিমা। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাসির ও তামিমা।








