বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহর জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে বর্তমানে অন্য কোনো মামলা বিচারাধীন না থাকায় মুক্তি পেতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, আদালত জামিন মঞ্জুর করেছেন এবং অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকলে তার মুক্তির পথ উন্মুক্ত।
বিজ্ঞাপন
আদালতে অধ্যাপক কলিমুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব এবং আইনজীবী কাজী আহসান হাবিব। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এরপর গত ৪ সেপ্টেম্বর মহানগর বিশেষ জজ আদালতে তার জামিন আবেদন নাকচ হলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এ অভিযোগে ২০২৪ সালের ৬ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলা দায়ের করেন।
মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ছাড়াও সাবেক উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবীসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল এবং ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণ প্রকল্পে প্রায় চার কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটেছে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আবদুস সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান।
উল্লেখ্য, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। তার আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত একই পদে দায়িত্বে ছিলেন অধ্যাপক এ কে এম নূর-উন-নবী।








