Logo

হাদি হত্যা : আবারও পেছালো পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৬:৩৩
হাদি হত্যা : আবারও পেছালো পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি | ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আরও এক দফা সময় পেয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন উপস্থাপনের তারিখ ছিল। তবে সিআইডি প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত পরবর্তী শুনানির জন্য ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৬তম বারের মতো সময় বাড়ানো হলো। দীর্ঘদিন ধরে তদন্ত কার্যক্রম চললেও এখনো চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান। তিনি জানান, তদন্ত সংস্থা নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।

আলোচিত এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয় জাতীয় নির্বাচনের প্রাক্কালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পল্টন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

গত ১২ ডিসেম্বর সংঘটিত ওই হামলায় গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

মামলার প্রাথমিক তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চলতি বছরের ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে তদন্তে অসন্তুষ্ট হয়ে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন।

বিজ্ঞাপন

বাদীর আবেদনের পর আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশনার পর থেকে মামলাটির তদন্তভার সিআইডির কাছে ন্যস্ত করা হয়। এরপর থেকেই সংস্থাটি ঘটনার বিভিন্ন দিক পুনরায় যাচাই-বাছাই করছে।

সংশ্লিষ্টরা বলছেন, মামলাটি রাজনৈতিক ও জনসাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকায় তদন্তের প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বারবার সময় বাড়ানোর কারণে তদন্ত কার্যক্রম কবে শেষ হবে এবং আদালতে চূড়ান্ত প্রতিবেদন কবে জমা পড়বে, তা নিয়ে প্রশ্নও উঠছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD