গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, সাত আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর এক আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার আসামি নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, রায়ে প্রত্যেক দণ্ডিত আসামির বিরুদ্ধে এক লাখ টাকা করে জরিমানাও আরোপ করা হয়েছে। একই মামলায় অভিযুক্ত ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।








