মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সামরিক পুলিশের হেফাজতে রয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আদালতের কাছে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তারের পর মোজাফফর বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে আছেন। মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তাকে আদালতে হাজির করা প্রয়োজন। আবেদন শুনে ট্রাইব্যুনাল আগামী বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এ সময় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।








