Logo

পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের দ্বিতীয় তলা থেকে পালাল আসামি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৩
পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের দ্বিতীয় তলা থেকে পালাল আসামি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালিয়েছেন চুরির মামলার এক আসামি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পলাতক আসামির নাম আব্দুল মোমিন (২২)। তিনি সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার হাজিরার জন্য কারাগার থেকে আব্দুল মোমিনসহ কয়েকজন আসামিকে আদালতে আনা হয়। পরে তাদের ম্যাজিস্ট্রেট কোর্টের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুপুর পৌনে ১২টার দিকে হাজতখানার ভেতরে থাকা এক আসামির হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন কোর্ট পুলিশের এক সদস্য। এ সময় সুযোগ বুঝে আব্দুল মোমিন হাজতখানার প্রবেশপথে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

এরপর দ্রুত হাজতখানা থেকে বের হয়ে আদালত ভবনের বারান্দায় চলে যান তিনি। বারান্দায় গ্রিল না থাকায় সেখান থেকে দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন।

বিজ্ঞাপন

আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মোমিনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে আরেকজন আসামিকে হাজতখানায় ঢোকানোর সময় সে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, বারান্দায় গ্রিল না থাকার সুযোগ নিয়ে আব্দুল মোমিন লাফ দিয়ে পালিয়ে যান। বিষয়টি মৌখিকভাবে সদর থানাকে জানানো হয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন আদালত পুলিশের এই কর্মকর্তা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD