Logo

নাটোরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
২ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২০
নাটোরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী মরিয়ম খাতুনকে (২০) গলা টিপে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. ফরহাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মো. সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রুহুল আমিন তালুকদার টগর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় তথ্য ও আলামত গোপনের অভিযোগে নিহত মরিয়মের শ্বশুর ফজলুর রহমান ও শাশুড়ি ফাহিমা বেগমকেও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও ৪ মাস করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের ফজলুর রহমানের ছেলে ফরহাদ হোসেনের সঙ্গে বামনবাড়িয়া গ্রামের আমিরুল মণ্ডলের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে মরিয়মের পরিবারের সদস্যরা তার শ্বশুরবাড়িতে যান। সেখানে শোবার ঘরে মরিয়মের নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার গলার দুই পাশে আঙুলের স্পষ্ট দাগও দেখতে পান স্বজনরা।

পরে তদন্তে বেরিয়ে আসে, পারিবারিক বিরোধের জেরে স্বামী ফরহাদ হোসেন গলা টিপে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আমিরুল মণ্ডল বাদী হয়ে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। রায় ঘোষণার সময় ৩ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD