Logo

টঙ্গীতে মাদক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩২
টঙ্গীতে মাদক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর গোপালপুর এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধকে কেন্দ্র করে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপালপুর সোসাইটি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজনের সঙ্গে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন নুরুল ইসলামকে তাঁর বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে তাঁকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ১২টার দিকে গুরুতর আহত নুরুল ইসলামকে গাজীপুর-থ-১২-১১০১ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার সামনে পাঠানোর চেষ্টা করা হয়। পথে অতিরিক্ত রক্তক্ষরণে সিএনজির ভেতরেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজিচালককে হেফাজতে নিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD