Logo

রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদক মেলেনি

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
৩১ আগস্ট, ২০২৬, ১৭:২২
রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদক মেলেনি
ছবি: সংগৃহীত

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা দুই আসামির ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। এ সময় পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ, মামলার তদন্ত কর্মকর্তা ছাড়াও রংপুর মেডিকেল কলেজের একটি ল্যাবের টেকনোলজিস্ট ও সহকারী উপস্থিত ছিলেন।

ডোপ টেস্টের ফলাফল সম্পর্কে সনাতন চক্রবর্তী জানান, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলগেট থেকেই দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে সেসব নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় এমফিটামিনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ, ডোপ টেস্ট অনুযায়ী সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে মাদকের উপস্থিতি ছিল না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলে।

ঘটনার পর একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই আসামি হত্যার দায় স্বীকার করেছেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD