Logo

একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে শুনানি আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১
একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে শুনানি আজ
শেখ হাসিনা | ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সঙ্গে মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের জামিন আবেদনের বিষয়েও ট্রাইব্যুনালে আদেশ দেওয়ার কথা রয়েছে। মামলায় বর্তমানে চারজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক কর্মকর্তা কর্নেল আনোয়ার লতিফ খান।

পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরও কয়েকজন রয়েছেন। গত ২৫ আগস্ট ট্রাইব্যুনাল পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। নির্ধারিত সময়ে তারা হাজির না হওয়ায় পরবর্তী কার্যক্রম তাদের অনুপস্থিতিতে চালানোর জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে ২৬ জুলাই ট্রাইব্যুনাল-২ মামলাটিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। ওই সময় পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং কারাগারে থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের একটি হোটেলের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে মেরিন ড্রাইভের নোয়াখালিয়া পাড়া এলাকায় র‍্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

মামলায় অপহরণ, অবৈধ আটক, হত্যা এবং অপরাধে প্ররোচনাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD