ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ

দেশের বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং বাংলাদেশি ইলিশ বিদেশে পুনঃরপ্তানির অভিযোগের প্রেক্ষাপটে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে প্রাপক করা হয়েছে।
নোটিশে বলা হয়, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য মাছটি কেনা কঠিন হয়ে পড়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনি নোটিশে আরও অভিযোগ করা হয়, দেশের বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা এবং ভোক্তাদের স্বার্থ যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে নোটিশদাতার দাবি।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানির পর ভারতের কিছু আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন বাজারে বেশি দামে পুনঃরপ্তানি করে মুনাফা করছে—এমন অভিযোগ রয়েছে।
নোটিশদাতার মতে, এভাবে পুনঃরপ্তানি হয়ে থাকলে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারাতে পারে। একই সঙ্গে দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের আন্তর্জাতিক বাজারমূল্যের যথাযথ সুবিধাও বাংলাদেশ নাও পেতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।
নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের উল্লেখ করে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা এবং আইন মেনে চলাকে নাগরিকের দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সরকার এখনো ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেয়নি। তবে ভবিষ্যতে সাধারণ ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রাখার লক্ষ্যেই আগাম এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে রপ্তানির পরিবর্তে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে আন্তর্জাতিক মূল্যে সরাসরি ইলিশ রপ্তানির জন্য স্বচ্ছ ও কার্যকর নীতিমালা গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়েছে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ, নির্বাহী অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত থেকে বিরত থাকা, দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া এবং মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।








