Logo

ইলিশের কেজি ২২০০ টাকা, স্বাদ নিতে হিমশিম ক্রেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭
ইলিশের কেজি ২২০০ টাকা, স্বাদ নিতে হিমশিম ক্রেতারা
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম ২ হাজার ২০০ টাকা কেজি। ফলে ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও বাড়তি দামের কারণে অনেক ক্রেতাই তা কিনতে পারছেন না।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে ক্রেতাকে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা গুনতে হচ্ছে। অন্যদিকে এক কেজি বা তার বেশি ওজনের একটি ইলিশের দাম পড়ছে ২ হাজার টাকারও বেশি।

ক্রেতাদের অভিযোগ, ইলিশের বর্তমান দাম তাদের ক্রয়ক্ষমতার তুলনায় অনেক বেশি। একটি মাছ কিনতে গেলেই সংসারের অন্যান্য প্রয়োজনীয় পণ্যের বাজেটে চাপ পড়ছে। তাই অনেকে দাম কমার আশায় ইলিশ না কিনেই বাজার থেকে ফিরছেন।

বিজ্ঞাপন

উত্তর বাড্ডা বাজারে ইলিশ কিনতে আসা রমজান আলী বলেন, “ইলিশের দাম অনেক বেশি। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি। একটি মাছ কিনতেই প্রায় ১ হাজার ৩০০ টাকা চলে যাচ্ছে। এই দামে নিয়মিত ইলিশ কেনা সম্ভব না।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

মধ্য বাড্ডার ক্রেতা ইলিয়াস বলেন, “এক কেজির ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। একটি মাছ কিনতে দুই হাজার টাকার বেশি লাগে। সংসারের অন্য খরচ আছে। তাই ইচ্ছা থাকলেও ইলিশ কিনতে পারছি না।”

আরেক ক্রেতা মো. সাব্বির বলেন, “ইলিশ বাঙালির পছন্দের মাছ। কিন্তু দাম যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে না থাকে, তাহলে মানুষ কীভাবে কিনবে? দাম কিছুটা কমলে হয়তো কিনতে পারতাম।”

বিজ্ঞাপন

বিক্রেতারাও বলছেন, বাড়তি দামের প্রভাব পড়েছে বিক্রিতে। অনেক ক্রেতা দাম শুনেই মাছ না কিনে চলে যাচ্ছেন। কেউ কেউ বড় ইলিশের পরিবর্তে ছোট আকারের মাছ খুঁজছেন।

মধ্য বাড্ডার বিক্রেতা হারু দাস বলেন, “দাম বেশি হওয়ায় বিক্রি আগের মতো নেই। ক্রেতারা এসে দাম জিজ্ঞেস করছেন, এরপর অনেকে আর কিনছেন না। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি হওয়ায় সাধারণ ক্রেতার জন্য চাপ হয়ে যাচ্ছে।”

উত্তর বাড্ডার বিক্রেতা মো. মিজান বলেন, “এক কেজির ওপরের ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। বড় মাছের দাম শুনে অনেকে ছোট মাছ খুঁজছেন।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে বাজারে ভারত থেকে আমদানি করা ইলিশ নিয়েও কিছু ক্রেতার অনাগ্রহের কথা জানা গেছে। কয়েকজন ক্রেতা জানান, স্বাদ ও মানের দিক থেকে তারা দেশি ইলিশকেই বেশি পছন্দ করেন। তবে দেশি ইলিশের দাম বেশি হওয়ায় তাদের অনেকের পক্ষেই তা কেনা সম্ভব হচ্ছে না।

মাছ ক্রেতা মো. সিদ্দিকুর বলেন, “দেশি ইলিশের স্বাদ ভালো। ভারত থেকে আসা ইলিশ খেয়ে তেমন ভালো লাগেনি। তাই দেশি ইলিশই নিতে চাই। কিন্তু দেশি ইলিশের দাম এত বেশি যে চাইলেও কেনা যাচ্ছে না।”

বাজারের ক্রেতাদের ভাষ্য, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দামই যদি কেজিতে ১ হাজার ৫০০ টাকা হয় এবং এক কেজির বেশি ওজনের মাছ ২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়, তাহলে নিম্ন ও মধ্য আয়ের পরিবারের নিয়মিত ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD