আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে করা বনানী থানার মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। পায়ের ব্যথার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। এদিন মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে উপস্থিত হয়ে সময়ের আবেদন করেন। আবেদনে তিনি জানান, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পাশাপাশি আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদন বাতিলের দাবি জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে এবং পরীমনি কয়েক বছর ধরে আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করে আসছেন। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করেন তিনি।
তবে শুনানি শেষে আদালত পরীমনির সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়। মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সূত্র অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।
বিজ্ঞাপন
ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
এরপর মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির অভিযোগ গঠনের শুনানি আবার শুরু হয়।








