উপহার নিয়ে আমি বিপদে পড়লাম: তানজিন তিশা

উপহার হিসেবে পাওয়া একটি শাড়িকে কেন্দ্র করে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হন তিনি।
বিজ্ঞাপন
আইনি প্রক্রিয়া শেষে আদালত চত্বরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিশা। তার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ এবং অভিযোগ গঠনের শুনানির তারিখ আদালত থেকে পরে জানা যাবে।
আদালতে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে করা মামলার শুনানি শেষে নিজের অবস্থান তুলে ধরে তিশা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করার কারণে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন সময় উপহার পান তারা। তার দাবি, ভালোবাসা থেকেই সেসব উপহার গ্রহণ করা হয়।
তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নানা রকম স্টোরি থাকে। প্রতিদিনই কোনো না কোনো কিছু পোস্ট করতেই হয়। আমাদের ভালোবেসে অনেকেই অনেক কিছু উপহার দেয়। ভক্ত–সহকর্মীদের ভালোবাসা থেকেই সেগুলো নেওয়া হয়। সেভাবেই একটি উপহার নিয়ে আমি বিপদে পড়লাম।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শাড়িটি কীভাবে তার কাছে পৌঁছেছিল, সে বিষয়ে তিশা বলেন, পরিচিত একজন অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে তিনি শাড়িটি পেয়েছিলেন। ওই ব্যক্তি তাকে শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করতে বলেছিলেন এবং পরে এর ছবি দিতে অনুরোধ করেছিলেন।
তার ভাষ্য, ‘ছবি দিয়েন’ বলা হলে তিনি পরে ছবি দেওয়ার কথা জানান। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় ছবি দিতে কিছুটা সময় চেয়েছিলেন বলেও জানান তিশা। এমনকি শাড়িটির সঙ্গে পরার জন্য ব্লাউজও বানিয়ে রেখেছিলেন বলে দাবি করেন তিনি।
তিশার অভিযোগ, এরপর হঠাৎই তার বিরুদ্ধে প্রায় ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার খবর প্রকাশিত হয়। তিনি বলেন, ‘বারবার বলেছিও দিব, দেব। এ জন্য আমি ব্লাউজটাও বানিয়ে রেখেছিলাম। এর মাঝে হঠাৎ করেই দেখি, আমার নামে নিউজ হয়েছে আমি প্রতারণা করেছি, ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে।’
বিজ্ঞাপন
মামলার বিষয়ে নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে তিশা বলেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব। আমি এখান থেকে ন্যায়বিচার নিয়েই বের হব। এখানে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, সেটা আমি সাপোর্ট করব না। দিন শেষে আমরা এ দেশের নাগরিক, আমরা ন্যায়বিচার চাই।’
এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তিশা। তার আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। ওই প্রতিবেদন আমলে নিয়ে পরে আদালত তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।








