মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাইরে থেকে বাসায় ফিরে দীর্ঘ সময় দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে সুমিত দরজা খুলে দেন। পরে বেডরুমে গিয়ে সুজন তার মাকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় দেখতে পান। এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার নথিতে বলা হয়, সুমিত তার ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং পরে নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করেছেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলা হওয়ার পর ২০১৭ সালের ২৩ জুলাই সুমিতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
বিজ্ঞাপন
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ১১ জনের সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে সুমিতের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা পরিশোধ না করলে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।








