আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম জামিন পেয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাঁর জামিন মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ২০ সেপ্টেম্বর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
মামলার পর ২১ সেপ্টেম্বর মাকসুদাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।
বিজ্ঞাপন
অন্যদিকে, মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফার রিমান্ড শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তাধীন।








