‘আওয়ামী লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো’

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম সভায় অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাবিনা আক্তার তুহিনসহ কয়েকজন আসামিকে বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন
আদালত প্রাঙ্গণে হাজতখানা থেকে আসামিদের কারাগারে নেওয়ার সময় সাবিনা আক্তার তুহিন বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করছি, আওয়ামী লীগ করব। আওয়ামী লীগ করার অপরাধে যদি আমাদের ফাঁসি হয়, আমরা আওয়ামী লীগই করব।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো অন্যায় করি নাই, কোনো সন্ত্রাসী কার্যকলাপ...। আমরা আওয়ামী লীগ করছি, এটা তো আমার অপরাধ না। এটা আমার গণতান্ত্রিক অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
কারাগারে নেওয়ার সময় সাবিনা আক্তার তুহিনসহ কয়েকজন আসামিকে আওয়ামী লীগ করার কারণে তাদের কারাগারে থাকতে হচ্ছে বলে বলতে শোনা যায়। তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন এবং কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
এদিকে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম সভায় অংশ নেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার নির্ধারিত সময়ে নিয়মিত বিচারক উপস্থিত না থাকায় শুনানি হয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারক মিনহাজ মোসাদ্দেক আগামী ১৫ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারীও নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম সভা অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। সভায় সরকার উৎখাত ও গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে সাবিনা আক্তার তুহিন ছাড়াও ড. রাব্বি আলম, কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, সৈয়দ রুবিনা আক্তার, পংকজ নাথসহ আরও অনেকে রয়েছেন।








