Logo

ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৩:০৬
ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে তিনটি অভিযোগে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। আদালত জানান, তিনটি সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে মোট ১০ বছর কারাভোগ করতে হবে তাঁকে। একই রায়ে দুটি অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ে ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হয়। বাকি পাঁচটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে এই সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা হয়। ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী এবং আসামিপক্ষ দুজন সাফাই সাক্ষী হাজির করে।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৩০ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং ১ ডিসেম্বর প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর গত ১৪ মে বিচার কার্যক্রম শেষ হয়। এরপর ৩০ জুন রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল।

গত ২০ সেপ্টেম্বর ইনুর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রসিকিউশন আপিলের প্রস্তুতির কথা জানিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।

সোমবার সেই আপিল আবেদন দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD