Logo

হাতকড়া খুলে আদালত থেকে আবারও পালালেন সেই শরিফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৪:৩৮
হাতকড়া খুলে আদালত থেকে আবারও পালালেন সেই শরিফ
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আবারও পালিয়ে গেছেন শরিফুল ইসলাম নামে এক হাজতি আসামি। এর আগে ২০২৫ সালের জুনেও আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কোতোয়ালি থানার মামলায় হাজতি আসামি কৌশলে আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল ইসলাম। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সেই মামলায় মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য কারাগার থেকে শরিফুলকে আদালতে হাজির করা হয়। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় এদিন সাক্ষ্যগ্রহণ হয়নি।

পরে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম শরিফুল ইসলামকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়া খুলে আদালত এলাকা থেকে পালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

এর আগে একবার আদালত থেকে পালানোর পর এবার একই মামলায় হাজতখানায় নেওয়ার পথেই ফের পালিয়ে গেলেন শরিফুল ইসলাম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD