Logo

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক রবিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:৪৩
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক রবিবার
ছবি: সংগৃহীত

গুম, খুন ও শতাধিক মানুষ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আগামীকাল রবিবার (২৯ নভেম্বর)। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর এবার আত্মপক্ষ সমর্থনে নিজেদের বক্তব্য তুলে ধরবে আসামিপক্ষ।

বিজ্ঞাপন

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ২৯ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্কে হত্যাকাণ্ডগুলোর ভয়াবহতা তুলে ধরে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান সশরীরে উপস্থিত না থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ভয়াবহতা তুলে ধরে তাঁর অপরাধকে ‘সমুদ্রসমান’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এত মানুষের প্রাণহানি এবং তাঁদের পরিবার-স্বজনের সীমাহীন দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও বিচারব্যবস্থার সীমাবদ্ধতার কারণে তাঁকে একবারের বেশি সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব নয়। তাই আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রয়োগের আবেদন জানান তিনি।

রাষ্ট্রপক্ষের দাবি, জিয়াউল আহসান সব অভিযোগে দোষী। তাঁকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক ও জঘন্য সিরিয়াল কিলার আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন জানানো হয়েছে। বাজেয়াপ্ত সম্পদ থেকে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করেছে প্রসিকিউশন।

মামলার অভিযোগপত্রে তিনটি পৃথক অভিযোগে মোট ১০৩ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আবেদনের ভিত্তিতে সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

গত ২২ নভেম্বর আসামিপক্ষের সাফাই সাক্ষী হিসেবে আইনজীবী তাসলিমা জাহান পপি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ সময় তিনি মামলাসংশ্লিষ্ট কয়েকটি নথি ও ভিডিও উপস্থাপন করেন। তাঁর জবানবন্দি গ্রহণের পর প্রসিকিউটর মিজানুল ইসলাম তাঁকে জেরা করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয়। একই দিন রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। পরে ২৩ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

রবিবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোবে। উভয় পক্ষের বক্তব্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD