ঋণ আদায়ে আরও কঠোর হতে হবে: গভর্নর

ঋণ প্রদানে গ্রাহকের সক্ষমতা যাচাই ও খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর এবং সাহসী হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬-এ তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
গভর্নর বলেন, “ব্যাংকগুলোকে ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনা করতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে সাহসী ভূমিকা রাখতে হবে। এছাড়া রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানিকে এগিয়ে নিয়ে গেলে বৈদেশিক খাত আরও শক্তিশালী হবে।”
ড. মনসুর ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানান, শুধু বড় ব্যবসায়ীদের পেছনে না ছুটে এসএমই খাতের ঋণ বিতরণের হার বাড়াতে হবে, এমনকি অনুৎপাদনশীল খাতেও সহায়তা নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও ব্যাংকারদের উদ্দেশে বলেন, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। তিনি সতর্ক করেছেন, আগামীতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা আসতে পারে এবং সেগুলোকে উপেক্ষা করা যাবে না। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং ব্যাংকগুলোর কার্যক্রমে নিয়মনীতি কঠোরভাবে পালন করতে হবে।
ড. সালেহউদ্দিন আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এসব খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর দায়িত্ব বেশি।








