এলপিজি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমার সম্ভাবনার কথা জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কর কাঠামোয় সাম্প্রতিক সমন্বয়ের ফলে ভোক্তা পর্যায়ে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রেস সচিব জানান, এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর (এটিএক্স) অব্যাহতির প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে এলপিজির ওপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সরকারের ধারণা, এই পুনর্বিন্যাসের ফলে এলপিজির ওপর মোট করের চাপ কমবে। এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে খুচরা বাজারে গ্যাসের দাম কমার সুযোগ তৈরি হতে পারে।
এর আগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫০ টাকা বাড়িয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আগের নির্ধারিত ১,৩০৬ টাকা থেকে বাড়িয়ে নতুন মূল্য ১,৩৫৬ টাকা করা হয়েছে।
বিজ্ঞাপন
সরকারি পর্যায়ের ভাষ্য অনুযায়ী, কর সংক্রান্ত এই সমন্বয় বাজারে কার্যকর হলে সরবরাহ পর্যায়ে ব্যয় কমতে পারে, যা ধাপে ধাপে ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে। তবে বাস্তবে কতটা দাম কমবে, তা নির্ভর করবে বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের ওপর।








