Logo

২ দিনের ব্যবধানে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৪১
২ দিনের ব্যবধানে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। দুই দিনের ব্যবধানে নতুন করে আরও ১৭১ মিলিয়ন (১৭ কোটি ১০ লাখ) মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার ক্রয় করা হয়। প্রতি ডলারের বিপরীতে বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। একই হারই ডলার কেনার কাট-অফ রেট হিসেবে ব্যবহৃত হয়েছে।

এর আগে, চলতি সপ্তাহের সোমবার (২ ফেব্রুয়ারি) একই সংখ্যক ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছিল। সেদিনও প্রতি ডলারের দাম নির্ধারিত ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এই দুটি ক্রয়ের ফলে শুধু ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় ব্যাংকের ডলার সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলমান ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৩ মিলিয়ন মার্কিন ডলারে।

জানুয়ারিতেও ধারাবাহিকভাবে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২৯ জানুয়ারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়। তার আগে ২০ জানুয়ারি দুইটি ব্যাংক থেকে কেনা হয় ৪ কোটি ৫০ লাখ ডলার। ১২ জানুয়ারি ১০টি ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ এবং ৬ জানুয়ারি ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছিল। এসব ক্ষেত্রেও ডলারের বিনিময় হার ছিল অভিন্ন—১২২ টাকা ৩০ পয়সা।

বিজ্ঞাপন

ডলার ক্রয় প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বুধবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে নির্ধারিত ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ রেটে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ডলার ক্রয়ের পরিমাণ ৩৮৯.৫০ মিলিয়ন এবং চলতি অর্থবছরে মোট ক্রয় ৪ হাজার ৩২৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার সরবরাহ ও বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই ধারাবাহিক ডলার ক্রয় নীতির প্রভাব আগামী দিনগুলোতে বাজারে প্রতিফলিত হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD